সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি খালেক গ্রেফতার

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে ব্যবসায়ী রাব্বীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের মাত্র আট ঘণ্টার মাথায় প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করতে সক্ষম হয় বাহিনীটি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যান্য আসামিদের ধরতেও অভিযান জোরালো করা হয়েছে।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ময়মনসিংহ কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা থেকে আসামি খালেককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকানে এই নৃশংস হামলা চালানো হয়। নিহতের নাম মো: রাব্বী (২৭)। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী একটি দোকানের ভেতরে আশ্রয় নিলেও সশস্ত্র যুবকরা সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বর্বরোচিত হামলায় রাব্বীকে বাঁচাতে গিয়ে তাঁর ভাই রিয়াদও মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহত রাব্বী মাসকান্দা এলাকার স্থানীয় বাসিন্দা এবং পড়াশোনার পাশাপাশি ওই পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন। ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধ ও প্রতিবেশীদের সাথে দীর্ঘদিনের শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান এবং মামলার অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০