কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে গভীর রাতে জানালা কেটে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের ছোঁড়া গুলিতে প্রবাসীর ছেলে গুরুতর আহত হয়েছেন এবং পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মালয়েশিয়া প্রবাসী মাহিনের বাড়িতে গভীর রাতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত আনুমানিক তিনটার দিকে পাঁচ থেকে ছয় জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। বাড়ির বাইরেও তাদের সহযোগীরা পাহারায় নিয়োজিত ছিল। ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে এবং হাত-পা বেঁধে মারধর শুরু করে।
একপর্যায়ে প্রবাসীর পুত্রবধূকে লাঞ্ছিত করার চেষ্টা করা হলে তাঁর ছেলে নাইম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা নাইমের পায়ের হাঁটুতে গুলি করে। এরপর প্রবাসীর দুই বছরের শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে পরিবারের সদস্যদের আলমারির চাবি দিতে বাধ্য করে। ডাকাত দল আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে পালিয়ে যায়।
গুলির শব্দ ও চিৎকার শুনে পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় নাইমসহ প্রবাসীর স্ত্রী রুমা বেগম ও পুত্রবধূ রেজবিকে উদ্ধার করেন। প্রথমে তাঁদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ দ্রুত খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১৪১ বার পড়া হয়েছে