কুষ্টিয়ায় নকল সিগারেট কারখানায় অভিযান, ২ কোটি টাকার মালামাল জব্দ
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। প্রশাসনের সিলগালা করা এই কারখানাটি পুনরায় চালু করে অবৈধভাবে নকল সিগারেট উৎপাদন করা হচ্ছিল।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি গোডাউনে বুধবার (১২ আগস্ট) এই যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ‘নেভি’, ‘ডার্বি’ ও ‘রয়েল’ ব্যান্ডের বিপুল পরিমাণ নকল সিগারেটসহ সিগারেট তৈরির বিভিন্ন আধুনিক সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, উদ্ধারকৃত নকল সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। তবে অভিযান চলাকালে কারখানা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গড়বাড়িয়া গ্রামের স্কুলশিক্ষক হাবিব মাস্টারের মালিকানাধীন একটি গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলছিল। মাসিক ৪০ হাজার টাকায় জয়রামপুর এলাকার শাকিল এবং বৈদ্যনাথতলার লিওন হোসেন নামের দুই ব্যক্তির কাছে গোডাউনটি ভাড়া দেওয়া হয়েছিল।
এর আগে গত ৯ মে র্যাব-১২ এবং কাস্টমস বিভাগ যৌথ অভিযান জানিয়ে এই কারখানাটি সিলগালা করে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে সেটি পুনরায় চালু করে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪৫ বার পড়া হয়েছে