পল্লবীতে গোলাগুলি, ডিবির অভিযানে ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কথিত মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী।
ডিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার ৭ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে পল্লবীর সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর নামের এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হন। একই ঘটনায় জোসনা নামের এক পথচারী নারী পায়ে গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলার পর ডিবি মিরপুর বিভাগের একটি দল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গোলাগুলিতে ব্যবহৃত একটি টয়োটা প্রিমিও গাড়ি শনাক্ত করা হয়। পরে ওই গাড়ির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে হামিদ জানান, গাড়িটি তাঁর নামে নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক ল্যাংড়া রুবেল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেলের সহযোগী পারভেজ ও রাব্বীকে পল্লবীর কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে ল্যাংড়া রুবেলের ব্যবহৃত একটি সাদা টয়োটা ভক্সি গাড়ি উদ্ধার করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এরপর পারভেজ ও রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানার ইস্টার্ন হাউজিংয়ের পাশের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় ডিবি। সেখান থেকে ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছেন। পুলিশের দাবি, ল্যাংড়া রুবেল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পল্লবীর গোলাগুলির ঘটনায় করা হত্যা চেষ্টার মামলার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
১৩২ বার পড়া হয়েছে