দৃষ্টিনন্দন সাজে সাজলো মুন্সীগঞ্জের ডিসি পার্ক, জমকালো উদ্বোধন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ডিসি পার্কটির আধুনিকায়ন ও সংস্কার কাজ শেষে অবশেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবসজ্জিত এই বিনোদন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এখন থেকে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা সম্পূর্ণ পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে এখানে অবসর সময় কাটাতে পারবেন।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন রূপ পাওয়া এই পার্কটির ফলক উন্মোচন করেন। সংস্কারের মাধ্যমে পার্কটির ভেতরে ও বাইরে নান্দনিক পরিবর্তন আনা হয়েছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক জনাব ইরাদত হোসেন। এছাড়া স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সুধীজন এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন।
কোর্টগাঁও এলাকায় অবস্থিত এই পার্কটি দীর্ঘ দিন ধরেই স্থানীয় সাধারণ মানুষের প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কটির সবুজায়ন বৃদ্ধি, হাঁটার পথ সংস্কার এবং বসার সুব্যবস্থা করার মাধ্যমে একে আরও জনবান্ধব করে তোলা হয়েছে। ভবিষ্যতেও পার্কটির সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
১৫৯ বার পড়া হয়েছে