ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার জোরদার উচ্ছেদ অভিযান
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরকে যানজটমুক্ত ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ফরিদপুর পৌরসভা। সোমবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালিয়ে রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করা হয়। পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
সোমবার বিকেলে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকি। অভিযান চলাকালে শহরের জনতা ব্যাংকের মোড়, নিউ মার্কেট এলাকা, চকবাজার, থানা রোড, আড়ং এর মোড়, বলাকা সুপার মার্কেট ও ময়রাপট্টিসহ আশপাশের রাস্তার ওপর গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকান এবং অস্থায়ী স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান সহ পৌরসভার বিভিন্ন প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। জনস্বার্থে শহরের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি খুবই জরুরি বলে তারা উল্লেখ করেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরকে যানজট ও দূষণমুক্ত করতে এই ধরণের অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত রাখা হবে। যদি নতুন করে আবারও কেউ ফুটপাত বা সড়ক দখলের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হবে বলে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।
এদিকে পৌরসভার এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারা জানান, নিয়মিত তদারকি করা গেলে শহরে যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের চলাচলের পথ সহজ হবে।
১১০ বার পড়া হয়েছে