সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে ৫টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদনও নামঞ্জুর করেন। চাঞ্চল্যকর এসব হত্যা মামলায় আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদার হলো।
আদালত সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে নজরুল ইসলামের গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে, গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তী সময়ে সাতক্ষীরায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকা থেকে সাতক্ষীরা কারাগারে স্থানান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, নজরুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এগুলোর মধ্যে ২০১৩ ও ২০১৪ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং নিখোঁজ হওয়ার পর গুলি করে হত্যার একাধিক মামলা রয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে ২০১৪ সালে পুরাতন সাতক্ষীরার আবির হাসানকে অপহরণের পর হত্যা, ২০২০ সালের ধুলিহরের অহিদ হত্যাকাণ্ড, এবং ২০১৩ সালে আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করার ঘটনা। এছাড়াও ২০১৪ সালে পাথরঘাটা গ্রামের ইসলাম মোড়ল এবং ২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে ভ্যানচালক হাফিজুর রহমান হত্যা মামলাতেও তাঁকে আসামি করা হয়েছে।
শুনানি শেষে আদালতের উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন গণমাধ্যমকে জানান, আসামির আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১২২ বার পড়া হয়েছে