সুন্দরবন রক্ষায় মোংলায় বাদাবন সংঘের ম্যানগ্রোভ বৃক্ষরোপণ
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোংলায় এক বিশেষ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের উদ্যোগে স্থানীয় বাঁশতলা গ্রামে এই বনায়নের আয়োজন করা হয়। পরিবেশকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই কর্মসূচিতে অংশ নেন উপকূলীয় নারী মৎস্যজীবীরা।
মোংলা উপজেলার বাঁশতলা ব্রিজ সংলগ্ন চর এলাকায় আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাবন সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরবনের জিউধরা স্টেশনের কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশকর্মী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে নূর আলম শেখ বলেন, ম্যানগ্রোভ বন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে কাজ করে। এটি জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং নদীভাঙন রোধে কার্যকরী ভূমিকা রাখে। সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, সরকারের বনায়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছে।
বন কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন উপকূলের পরিবেশ রক্ষায় বনায়নের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সংরক্ষণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। বাদাবন সংঘের সভাপতি পপি আক্তার জানান, স্থানীয় নারী মৎস্যজীবী ও উপকূলীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা সম্ভব।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর সহায়তায় এবং ওশান কমিউনিটি ফান্ডের অর্থায়নে পরিচালিত "ম্যানগ্রোভ রিস্টোরেশন" প্রকল্পের আওতায় এই বৃক্ষরোপণ কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
১৬৭ বার পড়া হয়েছে