জয়পুরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ১১ দলীয় ঐক্য। মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়ার নিকট প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করার উদ্দেশ্যে স্মারকলিপি হস্তান্তর করেন ১১ দলীয় ঐক্যের জেলা নেতৃবৃন্দ। এ সময় তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মোহাম্মদ শামসুজ্জামান এবং জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
১১৬ বার পড়া হয়েছে