দ্রব্যমূল্য ও বিদ্যুৎ–গ্যাস সংকটের প্রতিবাদে মাগুরায় স্মারকলিপি প্রদান
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস–বিদ্যুতের সংকট, লোডশেডিং এবং বিদ্যুতের বিল নিয়ে অভিযোগের প্রতিবাদে মাগুরায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারূফ কারখী, মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও আইনজীবী মো. আজমত হুসাইন, পৌর জামায়াতের আমির অধ্যাপক আশরাফুল আলম, জেলা শুরা সদস্য ও মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন, সেক্রেটারি মো. তুহিন হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা–কর্মী।
স্মারকলিপিতে দাবি করা হয়, মাগুরা জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুতের সংকট অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে।
এ সময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—রান্না ও শিল্পকারখানার জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়া, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক বা তথাকথিত ‘ভূতুড়ে’ বিল বন্ধ করা, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।
স্মারকলিপিতে জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমদ বাচ্চু স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
১২৪ বার পড়া হয়েছে