রাজশাহীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত, মিষ্টির প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি মিষ্টির প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রয়োজনীয় মানসনদ ছাড়া পণ্য উৎপাদন, নবায়নবিহীন অনুমোদনে খাদ্যপণ্য বিক্রি এবং বাধ্যতামূলক লেবেলিং বিধি না মানার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বুধবার রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে নগরীর ভদ্রা মোড় এলাকার আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি করছিল। এছাড়া নবায়ন ছাড়া ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ ও ঘি উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগও পাওয়া যায়।
অভিযানকালে আরও দেখা যায়, বিক্রির জন্য রাখা কয়েকটি খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য বাধ্যতামূলক তথ্যসংবলিত লেবেল ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
১৪৫ বার পড়া হয়েছে