নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ দুপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের কুমড়াদি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস (৩৮) শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের সন্তান। আহতরা হলেন একই উপজেলার পুরান্দিয়া এলাকার আবু বকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজি চালক হাদিস মিয়া (৩৪)। তাঁরা সবাই বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইটাখোলা থেকে মনোহরদীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দেয় একটি সিএনজিচালিত অটোরিকশা। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সামনের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাইভেটকারটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা পাঁচজনই গুরুতর জখম হন।
দুর্ঘটনার পর পরই আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাঁদের নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় সড়ক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে