জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উদযাপিত
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বীর শহীদদের স্মরণে নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করে জেলা প্রশাসন।
বুধবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত সকলে প্রথমে কিছুক্ষণ নীরবতা পালন করেন। ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এ নীরবতা পালন করা হয়।
নীরবতা পালন শেষে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তিনি আন্দোলনকারী শিক্ষার্থী ও বীর শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং জেলা পরিষদের administrator বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরবর্তীতে একে একে জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, পিবিআই ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া আন্দোলনে নিহত শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ ছাড়াও দিবসটি উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আলোচনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানের মতো দিনব্যাপী নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে