মুন্সীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে মুন্সীগঞ্জের সুপারমার্কেট সংলগ্ন কৃষি ব্যাংক মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’। এ উপলক্ষে স্থানীয় বীর শহীদদের কবর জিয়ারত করার পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী স্মারক স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
স্মারক উন্মোচনের আগে উত্তর ইসলামপুর কবরস্থানে সমাহিত জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় শহীদদের পরিবারের সদস্য ও স্থানীয় আন্দোলনকারীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দোয়া অনুষ্ঠানে বীর শহীদদের বিদেহী আত্মার চিরস্থায়ী শান্তি কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, জাতি তাদের অবদান কখনোই ভুলবে না। তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ কামরান হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ।
১১৭ বার পড়া হয়েছে