দীর্ঘ সাড়ে ৮ মাস পর হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে অস্থিরতা কমাতে দীর্ঘ সাড়ে আট মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে আমদানিকৃত কাঁচা মরিচবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম পুনরায় সচল হয়। আমদানিকারকরা আশা করছেন, সরবরাহ বাড়লে দ্রুতই খুচরা বাজারে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতের নাসিক থেকে প্রতি টন কাঁচা মরিচ ৩০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। এর আগে গত বছরের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ দেশে এসেছিল। পরবর্তীতে আমদানি অনুমতিপত্র বা আইপি বন্ধ থাকায় দীর্ঘ সময় এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির আমদানি বন্ধ ছিল।
আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুল্ক, ভ্যাট ও পরিবহন খরচসহ প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে খরচ পড়ছে প্রায় ৮০ টাকা। আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলে এবং বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে খুব শিগগিরই খুচরা বাজারে পণ্যটির দাম কেজিপ্রতি ১০০ টাকার কাছাকাছি নেমে আসবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র জানিয়েছে, বন্দরের ৬৯ জন আমদানিকারক মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। কাঁচা মরিচ দ্রুত পচনশীল পণ্য হওয়ায় আমদানিকারকদের সুবিধার্থে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুল্কায়ন ও কোয়ারেন্টিন ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে