কুয়াকাটায় জেলের জালে বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ, দেখতে উৎসুক জনতার ভিড়
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে অত্যন্ত আকর্ষণীয় ও বিরল প্রজাতির সামুদ্রিক ‘সার্জেন্ট মেজর ফিশ’। সোমবার আলীপুর মৎস্য বন্দরে রঙিন এই মাছটি নিয়ে আসার পর একনজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক মানুষ। বাংলাদেশে এটি স্থানীয়ভাবে ‘পাথারী মাছ’ বা ‘কালো ডোরা সৈনিক মাছ’ নামে পরিচিত।
উপকূলীয় মৎস্য বন্দর আলীপুরের মেসার্স সিফাত ফিস নামের একটি আড়তে বর্তমানে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। জানা গেছে, প্রায় চার দিন আগে গভীর সমুদ্রে ‘মায়ের দয়া’ নামের একটি ট্রলারের মাঝি ইদ্রিসের জালে এই নজরকাড়া মাছটি ধরা পড়ে। সাধারণ মাছের চেয়ে এটি দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন হওয়ায় জেলেরা এটিকে সাগরে ফেলে না দিয়ে তীরে নিয়ে আসেন।
সামুদ্রিক গবেষকদের মতে, সার্জেন্ট মেজর মাছ মূলত ‘পমাকেনট্রিডি’ (Pomacentridae) পরিবারের সদস্য। চ্যাপ্টা ও ডিম্বাকার গড়নের এই মাছটির পিঠের দিকে হালকা হলুদাভ আভা থাকে এবং শরীরের দুই পাশে ৪-৫টি গাঢ় কালো উল্লম্ব ডোরাকাটা দাগ থাকে। সাধারণত সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি পাথুরে এলাকা বা প্রবাল প্রাচীরের অগভীর সামুদ্রিক পরিবেশে এই মাছের দেখা মেলে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, এ ধরনের মাছ আমাদের জলসীমায় সচরাচর জালে ধরা পড়ে না। বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা এবং গবেষণার জন্য এমন বিরল প্রজাতির মাছের তথ্য সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
১১৩ বার পড়া হয়েছে