১ মণ দুধে গোসল করে রাজনীতিকে ‘আলবিদা’ জানালেন যুবদল নেতা
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দলের অভ্যন্তরীণ চক্রান্ত ও দীর্ঘ দুই দশকের ত্যাগের সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে এক অভিনব পন্থায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গাজীপুরের শ্রীপুরের এক সাবেক যুবদল নেতা। সোমবার দুপুরে নিজ বাড়িতে মায়ের মাথায় হাত রেখে তওবা করার পর এক মণ দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরতরে বিদায় নেন তিনি। এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাজনীতিতে দীর্ঘ ২০ বছরের অবদান ও আত্মত্যাগের সঠিক মূল্যায়ন না হওয়া এবং দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে গাজীপুরের শ্রীপুরে এই নজিরবিহীন ঘটনা ঘটেছে। রাজনীতিকে বিদায় জানানো ওই ব্যক্তির নাম মাহবুব আলম। তিনি শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব আলম। দলের কঠিন সময়ে হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি দলের ভেতরের একশ্রেণীর কর্মীদের অভ্যন্তরীণ চক্রান্ত ও সহিংসতার শিকার হয়ে তাকে কারাগারে যেতে হয়। এর কিছুদিন পরেই দল থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
দলের এমন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েন সাবেক এই যুবদল নেতা। এই ক্ষোভ থেকে সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজের বাড়িতে মায়ের মাথায় হাত দিয়ে আর কখনও রাজনীতি করবেন না বলে শপথ নেন তিনি। এরপর বাড়ির উঠানে উপস্থিত সকলের সামনে এক মণ দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতিকে ‘আলবিদা’ জানান।
বিদায়বেলায় আবেগঘন কণ্ঠে মাহবুব আলম বলেন, দলের কঠিন ও দুঃসময়ে রক্ত ও শ্রম দিয়ে সবসময় পাশে থেকেছি। কিন্তু সুসময়ে এসে দলের ভেতরেরই কিছু সুযোগসন্ধানী মানুষের নোংরা চক্রান্তের শিকার হতে হলো আমাকে। এত বছরের ত্যাগের পর এমন অন্যায় প্রতিদান পাওয়ায় আমি চরমভাবে হতাশ হয়ে পড়েছি। তাই মায়ের সামনে তওবা করে চিরদিনের জন্য দল ও রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলাম।
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ শ্রীপুর উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক সহকর্মী এবং স্থানীয়দের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
১০৯ বার পড়া হয়েছে