চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের পুরোনো এই মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনার নেপথ্যে হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা উদঘাটনে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মহাডাঙ্গা রেলব্রিজের প্রায় ২০০ ফুট দূরে একটি পুকুরপাড়ে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। চারিদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহটি উদ্ধার করে।
পুলিশের অনুসন্ধান দল ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেছে। ওই ব্যাগের ভেতর কয়েকটি পোশাক ও বেশ কিছু ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, এগুলো নিহতের ব্যবহৃত জিনিসপত্র হতে পারে, যা পরিচয় শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের পাশাপাশি রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট তদন্ত শুরু করেছে। সিআইডি প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে নানা আলামত সংগ্রহ করেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি প্রায় এক সপ্তাহ আগের। এটি কোনো হত্যাকাণ্ড নাকি রেল দুর্ঘটনায় মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১০৯ বার পড়া হয়েছে