কটিয়াদীতে গ্যাস পাইপে ছিদ্র, ২ মাস ধরে অপচয়ের অভিযোগ
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৬:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের আন্তঃজেলা পাইপলাইনে ছিদ্র দিয়ে প্রায় দুই মাস ধরে গ্যাস বের হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি চুন কারখানার জন্য অবৈধ সংযোগের চেষ্টা করতে গিয়ে পাইপটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, পাইপটি দ্রুত মেরামতের কাজ চলছে এবং কীভাবে ছিদ্র হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরঘেঁষে নরসিংদী থেকে আসা তিতাস গ্যাসের আন্তঃজেলা পাইপলাইন কিশোরগঞ্জ শহরের দিকে গেছে। বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়ায় পাইপটির একটি অংশ পানির নিচে চলে গেছে। স্থানীয়দের দাবি, ওই স্থান দিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস বের হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর পাড়ের একটি ঝোপের আড়ালে প্রায় এক বছর আগে একটি চুন তৈরির কারখানা গড়ে ওঠে। প্রায় দুই মাস আগে কারখানাটির জন্য মূল গ্যাস পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। সংযোগ দিতে ব্যর্থ হওয়ার পর পাইপলাইনে ছিদ্র তৈরি হয় এবং সেই স্থান দিয়ে ক্রমাগত গ্যাস বের হতে থাকে।
বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় পাইপটি পানির নিচে চলে গেছে। ফলে এখন ওই স্থানে পানির ওপর গ্যাসের বুদবুদ দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় যুবক মো. রবিন মিয়া বলেন, দেশে যখন বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট রয়েছে, তখন রাষ্ট্রীয় সম্পদের এভাবে অপচয় অত্যন্ত উদ্বেগজনক। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরেক স্থানীয় বাসিন্দা মাহফুজ মিয়া অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় চুন কারখানার মালিক অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করেছেন। তিনি আরও দাবি করেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে এসব অভিযোগের বিষয়ে চুন কারখানার মালিক বা তাঁর প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সংশ্লিষ্ট আন্তঃজেলা পাইপলাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ময়মনসিংহ কার্যালয়ের অধীনে। নদীতে পানি বেশি থাকায় মেরামতকাজে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে আগামী দুই-এক দিনের মধ্যে পাইপলাইন মেরামতের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পাইপলাইনে কীভাবে ছিদ্র হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১০৮ বার পড়া হয়েছে