ধোবাউড়ায় বিএনপির প্রস্তুতি সভায় জামায়াত-এনসিপির কঠোর সমালোচনা
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি নেতারা উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন। ৬ আগস্টের কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আজ বিকেলে ধোবাউড়া উপজেলা ডাকবাংলো মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উস্কানি, মিথ্যাচার ও পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। সম্প্রতি হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংঘাতের পেছনে বিরোধী দলগুলোর লাগামহীন বক্তব্য দায়ী বলে তিনি মনে করেন।
বিএনপির এই সিনিয়র নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক 'আই হ্যাভ এ প্ল্যান' ঘোষণার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তারেক রহমান দেশকে উন্নত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। অথচ বিরোধী কিছু রাজনৈতিক দল এই যুগান্তকারী পরিকল্পনাকে কটাক্ষ করে নিজেদের দেউলিয়া মনোভাবের পরিচয় দিচ্ছে।
এনসিপি প্রধানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রিন্স বলেন, বিএনপি কখনো শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বা ধর্মের নামে কোনো রাজনৈতিক ব্যবসা করে না। দেশের মানুষ বিএনপিকে সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য রাজনৈতিক আশ্রয়স্থল মনে করে। কারণ এ দলের মূল ভিত্তি হচ্ছে জনগণের আস্থা, গণতন্ত্র ও ন্যায়বিচার।
আসন্ন ৬ আগস্ট বৃহস্পতিবার ধোবাউড়ায় বিজয় সমাবেশ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। এই কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে পালন করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবুল কাশেম ডলারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
১২৯ বার পড়া হয়েছে