গোমস্তাপুরে মোটরসাইকেলের গোপন কুঠুরিতে মাদক পাচার, গ্রেফতার ১
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ বোতল নিষিদ্ধ মাদক সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোমস্তাপুর থানার চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজা এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার পুলিশ চৌডালা ইউনিয়নের চর উদয়নগর এলাকায় চৌডালা ব্রিজের টোলপ্লাজার সামনে একটি বিশেষ চেকপোস্ট বসায়। সেখানে সন্দেহভাজন একটি লাল রঙের ১৬০ সিসি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। ব্যাপক তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংক এবং এয়ার ফিল্টারের ফাঁকা স্থানে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরির সন্ধান মেলে।
সেই গোপন কুঠুরি থেকে উদ্ধার করা হয় ২০ বোতল নিষিদ্ধ ‘এক্সকাফ’ নামক মাদক সিরাপ। পুলিশ ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে এবং চালককে আটক করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. রুবেল আলী (২৯)। তিনি শিবগঞ্জ উপজেলার দাইনগালগাছি গ্রামের বাসিন্দা। গোমস্তাপুর থানা-পুলিশের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে অভিনব উপায়ে মোটরসাইকেল ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচার করে আসছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গ্রেপ্তারকৃত রুবেল আলীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদক সংক্রান্ত মোট ৩৬টি মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে