আড়াই বছর পর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে প্রায় আড়াই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ভারতের হরিদাসপুর চেকপোস্টে ভারতীয় ইমিগ্রেশন ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
ফেরত আসা পাঁচ নারী হলেন—বাগেরহাটের শিমু আক্তার ও শারমিন খাতুন, টাঙ্গাইলের পাপিয়া বাদশা, যশোরের লাভলী খাতুন এবং নড়াইলের রোজিনা খাতুন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) দেওয়া ট্রাভেল পারমিট ও লিভ ইন্ডিয়া নোটিশের ভিত্তিতে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে এসব নারী দালালের মাধ্যমে পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিলেন। পরে দেশটির পুলিশের হাতে আটক হয়ে তাদের কারাগারে যেতে হয়।
তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে অবশেষে তাদের দেশে ফেরত আনা হয়েছে। পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য পাঁচ নারীকে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর এলাকার সমন্বয়ক মুহিত চৌধুরী জানান, ফেরত আসা নারীদের যশোরের শেল্টারহোমে রাখা হবে। সেখানে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে তাদের স্বজনদের কাছে তুলে দেওয়া হবে।
১২২ বার পড়া হয়েছে