রাঙামাটি বায়তুশ শরফে জুলাই শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৯:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাঙামাটি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয় আলিম মাদ্রাসায় এক বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসার অধ্যক্ষের সভাপতিত্বে আয়োজিত এই সভায় দেশের নতুন গণতান্ত্রিক পথচলা এবং শহীদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান বক্তারা।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামশুল আরিফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম এবং বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন স্বাধীনতা ও আলোর পথ পেয়েছে। দেশের সাধারণ মানুষ ফিরে পেয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই বৈষম্যবিরোধী লড়াই পরবর্তীতে এক বিশাল গণ-আন্দোলনে রূপ নেয়, যার ফলে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
নতুন প্রজন্মকে জুলাইয়ের এই বিপ্লবী চেতনা হৃদয়ে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। তাঁরা সমাজ ও রাষ্ট্রের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার গুরুত্বারোপ করেন।
সভার শেষ পর্যায়ে জুলাই-আগস্ট আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
১২০ বার পড়া হয়েছে