সর্বশেষ

সারাদেশ

বাগেরহাটে শান্ত হত্যা: দুই ভাইসহ চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে হত্যার প্রকৃত উদ্দেশ্য জানতে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

বাগেরহাটে আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ জুলাই) ভোর রাতে সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাট আলীয়া মাদরাসা সড়ক এলাকার শেখ আবু দাউদের ছেলে শেখ মুরাদ (৪১), তাঁর ভাই আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোকসুদ আলীর ছেলে মো. হাফিজুর রহমান (৪৮) এবং একই গ্রামের মো. এসকেন্দার শেখের ছেলে শিপন শেখ (২৮)।

পুলিশ সুপারের ভাষ্য, হত্যাকাণ্ডের প্রায় ৫০ ঘণ্টার মধ্যে প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, হত্যার নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত শেখ মুরাদ নিহত নিজাম উদ্দিন শান্তর পূর্বপরিচিত ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দীর্ঘদিন তাঁদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ ছিল এবং ঘটনার দিনও তাঁরা একসঙ্গে ছিলেন।

পুলিশের দাবি, দুজনের মধ্যে একটি বিষয়কে কেন্দ্র করে তীব্র মতবিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও আরও তদন্তের পর হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল ও আশপাশে মোট পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমানের বিরুদ্ধে আগে একটি হত্যা মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এ ছাড়া যে এলাকায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানিয়েছে জেলা পুলিশ।

গত শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আইনজীবী নিজাম উদ্দিন শান্ত। পরদিন রাতে নিহতের স্ত্রী স্বপ্না বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন