তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বাতিল করা লাইসেন্স পুনর্বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়া এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটিকে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের বিষয়টি জানিয়ে সোমবার (২৭ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গত ১৯ জুলাই হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও বিষয়গুলো তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে তা সন্তোষজনক মনে করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত শর্ত পূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা।
এ ছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে লাইসেন্সের শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ দেয়। পরে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হলো।
১২৪ বার পড়া হয়েছে