পাবনায় ডিবি পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তার, কোর প্লেট ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের রোকমরপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির একটি বড় ঘটনা ঘটে। এই ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পাবনা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় ডিবি পুলিশ।
অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—পাবনা সদরের উজ্জল ও জীবন, নাটোরের সিংড়ার আরমান ফকির, আতাইকুলার জহুরুল ইসলাম, গয়েশপুরের দুলাল ফকির এবং আটঘরিয়ার রফিকুল ইসলাম। এ সময় তাদের হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জামসহ বিপুল পরিমাণ তামার তার জব্দ করা হয়।
সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
১১৬ বার পড়া হয়েছে