সর্বশেষ

সারাদেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মোংলায় ব্র্যাকের চারা বিতরণ কর্মসূচি

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে বাগেরহাটের মোংলায় ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রয়্যাল ড্যানিশ দূতাবাসের সহায়তায় ব্র্যাকের 'রেইন ফর লাইফ' প্রকল্পের অধীনে এই সবুজ উদ্যোগ গ্রহণ করা হয়।
মোংলায় ব্র্যাকের চারা বিতরণ

২৭ জুলাই সোমবার দুপুরে ব্রাম্মণমেঠ জগন্নাথ মন্দির মাঠে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সিইআইপি) অধীনে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, মোংলা একটি অত্যন্ত জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা। এখানকার বাসিন্দাদের প্রতিনিয়ত লবণাক্ততা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ বাড়ানো জরুরি। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্বও সবাইকে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে সব ধরনের গাছ সহজে বাঁচে না। তবে সফেদা, কদবেল ও মেহগনি গাছ এই লবণাক্ত পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক নিয়মে রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে এসব চারা দ্রুত বৃদ্ধি পাবে। এ বিষয়ে স্থানীয় কৃষকদের সব ধরণের কারিগরি সহায়তা দেবে কৃষি বিভাগ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ, ব্র্যাক কর্মকর্তা তৃপ্তি সরদার, রাশেদ খান ও মাসুম মিয়াসহ স্থানীয় যুব নেতৃবৃন্দ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের আওতায় মোংলার চাঁদপাই, চিলা, মিঠাখালী ও সোনাইলতলা ইউনিয়নের প্রায় ৩ হাজার ৭৫০ জন উপকারভোগীর মাঝে মোট ১২ হাজার চারা বিতরণ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে উপকূলের পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন