ব্রাহ্মণবাড়িয়ায় অনিরাপদ খাদ্য উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মুড়ি তৈরিতে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে মোট ৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে তিনটি মুড়ি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স ভাই ভাই ফুড ইন্ডাস্ট্রিজ, মেসার্স বাবুল চিড়া-মুড়ি ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স আমানত ফুড ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, এসব প্রতিষ্ঠানে মুড়ি উৎপাদনে শিল্পকারখানায় ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল গ্রেড লবণ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি খাদ্য উৎপাদনের জায়গায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখার বিষয়টিও নজরে আসে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং অনিরাপদ উপকরণ ব্যবহারের বিষয়গুলো নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধানের লঙ্ঘন। এ কারণে তিনটি প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের আহ্বান জানানো হয়েছে।
১২২ বার পড়া হয়েছে