উত্তরের ৫ জেলার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা করলেন ৩ মন্ত্রী
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
উত্তরাঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলার উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সংকট ও কর্মসংস্থানের ঘাটতি দূর করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বগুড়ায় আয়োজিত এক সেমিনারে বক্তারা কৃষি, শিল্প, শিক্ষা ও মানবসম্পদের সম্ভাবনা কাজে লাগিয়ে এ অঞ্চলের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নকে আর অবহেলা করার সুযোগ নেই। দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় এ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে পিছিয়ে ছিল উত্তরাঞ্চল।
তিনি বলেন, বগুড়াসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শিল্পায়ন, কৃষিভিত্তিক শিল্প, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী দেশের জ্বালানি নিরাপত্তার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া শিল্পায়ন সম্ভব নয়। উত্তরাঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপন ও বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলা দীর্ঘদিন উন্নয়ন ঘাটতির মধ্যে ছিল। এসব জেলার উন্নয়ন চাহিদা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি বলেন, সুষম উন্নয়নের মাধ্যমে দেশের সব অঞ্চলের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। উত্তরাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার আন্তরিক। দেশের সব অঞ্চলের মধ্যে উন্নয়ন বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানান। তিনি বলেন, উত্তরাঞ্চলের প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে বগুড়াকে বিভাগে উন্নীত করা প্রয়োজন।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষি, খাদ্য উৎপাদন, মৎস্য, ক্ষুদ্র ও কুটির শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
১২২ বার পড়া হয়েছে