ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ পড়ে যানজট, দ্রুত সরাল ফায়ার সার্ভিস
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে একটি বিশাল গাছ উপড়ে পড়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে সড়ক যোগাযোগ সচল করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৪০ মিনিটে বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি গাছ উপড়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে ওই লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ অবস্থায় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই গজারিয়া ফায়ার স্টেশনের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দমকল কর্মীরা চেইন স' (করাত) ব্যবহার করে অত্যন্ত কম সময়ের মধ্যে গাছটি কেটে টুকরো টুকরো করেন। এরপর সড়ক থেকে গাছের অংশগুলো সরিয়ে নেওয়া হলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুনরায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করে।
১৯৮ বার পড়া হয়েছে