১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ, ভেন্যু ঐতিহাসিক লর্ডস
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট দলের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ২০২৭ সালে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক ভেন্যু লর্ডসে। একই বছর ইংল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশের নারী দলও।
বাংলাদেশের ইংল্যান্ড সফরের বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই দেশটির সংবাদমাধ্যমে আলোচনা চলছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। ২০১০ সালের পর এটিই হবে বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফর। সেই সফরেও দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ হয়েছিল লর্ডসে। প্রায় ১৭ বছর পর আবারও একই মাঠে টেস্ট খেলতে নামবে টাইগাররা।
বাংলাদেশ ও ইংল্যান্ড এখন পর্যন্ত ১০টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। ২০১৬-১৭ মৌসুমে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্টে সফরকারীরা জিতলেও মিরপুর টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেটিই এখন পর্যন্ত দুই দলের টেস্ট ইতিহাসে বাংলাদেশের একমাত্র জয়।
দীর্ঘদিন ধরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নিয়মিত টেস্ট সিরিজ খেলার প্রত্যাশা ছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। সেই অপেক্ষার একটি অধ্যায় পূরণ হতে যাচ্ছে আগামী মাসেই, যখন ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। এর ঠিক এক বছরের মধ্যেই ইংল্যান্ড সফরে লর্ডসে টেস্ট খেলার সুযোগ পাবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
এদিকে একই বছরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটন, ১০ সেপ্টেম্বর টনটন এবং ১২ সেপ্টেম্বর উস্টারে। এরপর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭ সেপ্টেম্বর হোভ, ২১ সেপ্টেম্বর কেন্টারবেরি এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে।
বাংলাদেশের পুরুষ ও নারী—উভয় দলের এই ইংল্যান্ড সফর আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে লর্ডসে টেস্ট ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক হয়ে উঠতে পারে।
১২০ বার পড়া হয়েছে