চলমান আন্দোলনে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতে বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, যারা দেশের শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে শিক্ষার্থী বিক্ষোভ এবং রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। বিরোধী দলগুলো এ ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছে। একই সঙ্গে সংসদে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যও দাবি করা হয়েছে।
বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার অভিযোগ করেন, গত এক দশকে ভারতে ১৫০টিরও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এসব ঘটনায় এখন পর্যন্ত কার্যকর বিচার বা দোষীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে মঙ্গলবার এনডিএ জোটের এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ বলে উল্লেখ করেন। তিনি তখনও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে।
সরকারের পক্ষ থেকে সংসদে বিষয়টি নিয়ে আলোচনায় সম্মতির কথা জানানো হলেও বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকায় রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে