মাগুরায় ব্যবসায়ীর গাড়ি ছিনতাইয়ের অভিযোগ
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাসহ চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ব্যবসায়ী মো. ইদ্রিস আলী বিশ্বাস মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে তিনি তাঁর চালক মো. সোহাগকে নিয়ে ব্যক্তিগত কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
অভিযোগ অনুযায়ী, শ্রীপুর উপজেলার নাকোল স্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি থামাতে বলেন। গাড়ি থামানোর পর পূর্ববিরোধের জের ধরে তাঁর গলায় ছুরি ধরে জোর করে গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়। পরে চালককে ভয়ভীতি দেখিয়ে ঢাকা মেট্রো-ট ১৬-৩০১ নম্বরের একটি এক্সনোহা প্রাইভেট কার নিয়ে চলে যান অভিযুক্তরা। অভিযোগে গাড়িটির আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত মোল্যা, সুজন শেখ, ইমরুল জোয়াদ্দার ও আবু তাহেরের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী ইদ্রিস আলী বিশ্বাস অভিযোগে বলেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে থেকেই বিরোধ রয়েছে। তাঁর দাবি, সুযোগ পেলেই তাঁরা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেন। ঘটনার পর গাড়ি ও চালকের খোঁজ করেও না পেয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত মহব্বত মোল্যা বলেন, তাঁর বিরুদ্ধে আনা ছিনতাইয়ের অভিযোগ সঠিক নয়। তিনি দাবি করেন, ঘটনার সময় নাকোল স্ট্যান্ড এলাকায় একটি ঝামেলা দেখে সেখানে দাঁড়িয়ে ছিলেন, তবে ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি টাকা-পয়সার লেনদেনসংক্রান্ত বিরোধের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। গাড়ি উদ্ধারে নাকোল ফাঁড়ির ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২০ বার পড়া হয়েছে