মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির একাধিক সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ। কর্মসূচি থেকে শিক্ষা ও প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত বিভিন্ন দাবির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গ এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।
কর্মসূচি থেকে কংগ্রেস চারটি প্রধান দাবি তুলে ধরে। দাবিগুলো হলো—শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সংসদে আলোচনা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা।
অবস্থান কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানান।
কয়েক ঘণ্টা ধরে কর্মসূচি চলার পর দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে উদ্যোগ নেয়। প্রথমে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারসহ কয়েকজনকে আটক করা হয়। পরে কংগ্রেসের সংসদ সদস্য সুখজিন্দর সিংসহ আরও কয়েকজনকে আটক করা হয়।
এরপরও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কয়েকজন নেতা কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে পুলিশ তাঁদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে আটক করে। তাৎক্ষণিকভাবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ রাহুল গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্যকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর আটক করে।
আটকের আগে কংগ্রেসের সংসদ সদস্য সুখজিন্দর সিং সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্যদের সঙ্গেই যদি এমন আচরণ করা হয়, তাহলে শিক্ষার্থীদের সঙ্গে কী ঘটছে, তা সহজেই অনুমান করা যায়।’
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিল্লি পুলিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনের এলাকা থেকে বাকি বিক্ষোভকারীদেরও সরিয়ে দেয়।
১২৯ বার পড়া হয়েছে