শিবগঞ্জে র্যাবের অভিযান: ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাট গোপালনগর এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি ও সিপিসি-১-এর একটি আভিযানিক দল এই যৌথ অভিযান পরিচালনা করে। কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকার একটি সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ১০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদক পরিবহনের অভিযোগে ঘটনাস্থল থেকে মো. মামুন আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আভিযানিক দল। তিনি শিবগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১২৩ বার পড়া হয়েছে