গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে আগুন: মামলায় আসামি ৪০৬, গ্রেফতার ১৮
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির দুই নেতাকে মারধর ও তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ৪০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যে ১৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে গ্রেফতারকৃতদের ছবি তুলতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন স্থানীয় এক সাংবাদিক।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বাদী হয়ে থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ১০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত ১৮ আসামিকে বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আদালত চত্বরে প্রিজন ভ্যানে তোলার সময় গ্রেফতারকৃতরা বিভিন্ন দলীয় স্লোগান দিতে থাকেন। এ সময় ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর বিধান কুমার চন্দ্র স্থানীয় সাংবাদিক বাদল সাহাকে বাধা দেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ক্যামেরায় হাত দিয়ে ভিডিও ধারণে বাধা সৃষ্টির ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগে, ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় রাতইল ইউনিয়ন বিএনপির দুই নেতাকে অতর্কিত মারধর করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির নেতাদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও সড়কে বেআইনি বিক্ষোভের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি রুজু করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
২৯৭ বার পড়া হয়েছে