পাবলিক পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন আসছে, জানালেন শিক্ষামন্ত্রী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমানো এবং আন্তর্জাতিক শিক্ষাপঞ্জির সঙ্গে সামঞ্জস্য আনতে পাবলিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
দেশের পাবলিক পরীক্ষার প্রচলিত সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শিক্ষাবর্ষকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। তিনি আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে দেওয়া লিখিত জবাবে জানানো হয়, শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করা এবং আন্তর্জাতিক মানের শিক্ষাপঞ্জির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। সরকারের আশা, এই পরিবর্তনের ফলে শিক্ষাবর্ষের শুরু, পাঠদান কার্যক্রম ও পরীক্ষার সময়সূচির মধ্যে সমন্বয় তৈরি হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সময় এগিয়ে আনার মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার সময় কমবে এবং ফল প্রকাশ ও পরবর্তী শিক্ষাজীবনে ভর্তির প্রক্রিয়াও আরও গতিশীল হবে। একই সঙ্গে ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো আরও আগাম আয়োজনের লক্ষ্যেও কাজ করছে সরকার।
শিক্ষাবিদদের মতে, পরীক্ষার সময়সূচিতে এ ধরনের পরিবর্তন বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে নতুন পদ্ধতি কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সুষ্ঠু পরিকল্পনার ওপর গুরুত্ব দিতে হবে।
১৪৫ বার পড়া হয়েছে