'জনগণের সমর্থনই সরকারের শক্তি, ধাপে ধাপে সব পরিবার পাবে ফ্যামিলি কার্ড'
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের রাজনৈতিক শক্তির মূল উৎস জনগণ। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি উপস্থিত কয়েকজন নারীর সঙ্গে কথা বলেন এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা কী ধরনের সুবিধা পাচ্ছেন, সে বিষয়ে জানতে চান। এ সময় পারুল আখতার নামে এক উপকারভোগী জানান, কার্ড পাওয়ার পর তার পরিবারের দৈনন্দিন ব্যয় সামাল দিতে সুবিধা হয়েছে এবং ভবিষ্যতেও সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
তারেক রহমান বলেন, বর্তমানে গৌরনদীতে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। তবে আরও অনেক যোগ্য পরিবার এখনো এই সুবিধার বাইরে রয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য হলো পরিবারের অর্থনৈতিক চাপ কমানো এবং নারীদের জীবনমান উন্নয়নে সহায়তা করা। সরকারের প্রত্যাশা, এই উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনই সরকারের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচি সফল করতে সবার অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
নারীদের উদ্দেশে তিনি বলেন, সরকারের পাশে থেকে সহযোগিতা করলে ধাপে ধাপে দেশের সব যোগ্য পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সম্প্রীতির বিষয়ে বক্তব্যে তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিককে নিয়ে শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহ্য ধরে রেখে উন্নয়ন ও পুনর্গঠনের পথে এগিয়ে যেতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাবে। এ সময় তিনি "করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গৌরনদী ও বরিশালের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
১১৯ বার পড়া হয়েছে