সিরাজগঞ্জে বায়োমেডিক্যাল বর্জ্য শোধন কেন্দ্রের যাত্রা শুরু
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য ‘কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’ বা যৌথ বর্জ্য শোধন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং নরওয়ের অর্থায়নে এই আধুনিক শোধন কেন্দ্রটি জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসাবর্জ্যের নিরাপদ অপসারণ নিশ্চিত করতে এই উদ্যোগ পরিবেশবিদ মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এই যৌথ বর্জ্য শোধন কেন্দ্র কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সার্বিক তত্ত্বাবধানে এবং নরওয়ে সরকারের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ চিকিৎসাবর্জ্য বৈজ্ঞানিক উপায়ে ধ্বংস ও পুনর্ব্যবহারযোগ্য করতেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মহতী কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসাবর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকলে তা জনস্বাস্থ্যের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এই পরিবেশবান্ধব উদ্যোগের ফলে সিরাজগঞ্জ জেলা চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় একটি আদর্শ অঞ্চলে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং ঢাকায় নিযুক্ত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন। বক্তারা বলেন, এ ধরনের আধুনিক বর্জ্য শোধন কেন্দ্র স্থাপন দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
১১২ বার পড়া হয়েছে