বগুড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তারে অভিযান
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি গলিতে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার বাসিন্দা মো. আজিজ শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে আরিফ শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সমঝোতার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে একটি গলিতে নিয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
পুলিশ আরও জানায়, নিহত আরিফ শেখের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
১২২ বার পড়া হয়েছে