গোমস্তাপুরে পুলিশের বড় অভিযান: বিপুল পরিমাণ এস্কাফ ও গাঁজাসহ গ্রেফতার ২
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে থানা পুলিশের পৃথক দুটি সফল অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়ন এলাকায় পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় ২১৭ বোতল অবৈধ এস্কাফ এবং ১ কেজি গাঁজা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামে প্রথম অভিযানটি চালানো হয়। গোমস্তাপুর থানার এসআই জেনারুল শেখ, এসআই সজ্জল চিলী, এসআই ইমরান হোসেন ও এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
এ সময় শিবরামপুর গ্রামের বাসিন্দা মো: আলম হোসেন ওরফে আলম মেম্বারকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।
can অন্যদিকে, একই দিন ভোররাতে বাঙ্গাবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামস্থ বারোদয়ারী রেল ঘুন্টির দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় ২১৭ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মো: সাহেব আলী নামের এক মাদক ব্যবসায়ীকে। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এই কঠোর জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
১১১ বার পড়া হয়েছে