খুলনায় দেয়াল টপকে পালালেন হাজতি, সিসিটিভিতে ধরা পড়ল পালানোর দৃশ্য
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার পুরাতন জেলা কারাগারের সীমানা প্রাচীর টপকে ফিল্মি কায়দায় পালিয়ে গেছেন ইমন মাঝি নামের এক হাজতি আসামি। চুরির মামলায় গ্রেপ্তার হওয়া এই আসামি বৃহস্পতিবার বিকেলে কারাগারের সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে দেওয়াল পার হন। চাঞ্চল্যকর এই ঘটনার পর কারাগার জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে জোর তৎপরতা শুরু করেছে প্রশাসন।
পলাতক আসামি ইমন মাঝি (৩০) খুলনা মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বটতলার মোড় এলাকার আব্দুল মাঝির ছেলে। সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে তিনি খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মহানগরীর আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেওয়াল টপকে আইনজীবী সমিতির দিকে পালিয়ে যান ওই হাজতি। চাঞ্চল্যকর এই পালানোর পুরো দৃশ্যটি কারাগারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
খুলনা কারাগারের সুপার মো. আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে আসামি কোনো ধরনের সাহায্য ছাড়াই অত্যন্ত চতুরতার সাথে একের পর এক দেয়াল টপকে সীমানা পার হয়ে যান।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কারাগার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সাথে পলাতক আসামি ইমন মাঝিকে দ্রুত পুনরায় গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও র্যাবসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা সুপার।
১০৮ বার পড়া হয়েছে