কোম্পানীগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭ জনকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে বিজিবির কড়া ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পিছু হটে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন দায়িত্বরত বিজিবি জোয়ানরা। বিএসএফের সদস্যরা কিছু মানুষকে জোরপূর্বক সীমান্ত পার করানোর চেষ্টা চালাচ্ছিল।
পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি সদস্যরা অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে অবস্থান নেন এবং কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির এই কঠোর ও অনড় অবস্থানের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের চেষ্টা থেকে বিরত হতে বাধ্য হয় এবং ওই ৭ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে ফিরে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, এই অনুপ্রবেশ চেষ্টার পর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো ধরনের উস্কানি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কালাইরাগ সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে