বেতন বৃদ্ধির দাবিতে ময়মনসিংহে ডাক কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মচারীরা। বুধবার বিকালে বিভাগীয় ডাক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
ময়মনসিংহ বিভাগীয় ডাক কার্যালয়ের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা কর্মচারীদের জীবনযাত্রার করুণ চিত্র তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, দেশে বর্তমানে প্রায় ২৩ হাজারের বেশি শাখা ডাকঘর কর্মচারী দায়িত্ব পালন করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলেও তারা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘ দিন ধরে তাদের মাসিক বেতন মাত্র ৪ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা বর্তমান আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে অত্যন্ত অমানবিক ও অসামঞ্জস্যপূর্ণ।
আন্দোলনকারীরা জানান, ২০১৮ সালের পর থেকে তাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার যোগাযোগ করার পরও কোনো আশ্বাস না পাওয়ায় তারা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
তাদের উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে মাসিক বেতন-ভাতা ন্যূনতম তিন গুণ বৃদ্ধি করা এবং শাখা ডাকঘরের কর্মচারীদের বিভাগীয় তথা সরকারি কর্মচারী হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রদান করা।
মানববন্ধন শেষে ডাক কর্মচারীদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং তাঁর মাধ্যমে সরকারের উচ্চ মহলে একটি স্মারকলিপি পেশ করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কর্মচারীরা।
১১৯ বার পড়া হয়েছে