কুয়াকাটায় অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ সমাবেশ থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অপসারণ দাবি করা হয়। বিক্ষোভ শেষে জেলেরা প্রধানমন্ত্রী বরাবর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে বেলা সাড়ে ১১টায় এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। কলাপাড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে পটুয়াখালী জেলার বিভিন্ন উপকূলীয় অঞ্চলের শত শত সাধারণ জেলে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা অভিযোগ করেন, বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিংয়ের কারণে সামুদ্রিক মৎস্য সম্পদ ধ্বংসের মুখে পড়ছে। এর ফলে প্রান্তিক জেলেরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা ও সাধারণ মৎস্যজীবী নেতা মিজানুর রহমান তাদের বক্তব্যে কলাপাড়ায় কর্মরত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনেন এবং অবিলম্বে তাঁর অপসারণের জোর দাবি জানান।
বিক্ষোভের সমাপ্তিতে মৎস্যজীবী নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিটি গ্রহণ করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, মৎস্যজীবীদের দাবি সম্বলিত স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পাঠানো হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
১১৮ বার পড়া হয়েছে