মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: ঠিকাদারের বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের মির্জাপুরে একটি সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সকল বিল আটকে দিয়েছেন উপজেলা প্রকৌশলী। মাত্র সাত দিন আগে শেষ হওয়া সড়কের পিচ বৃষ্টিতে উঠে যাওয়ায় স্থানীয়দের প্রতিবাদের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ও কার্যসহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে রাকের টেকি পর্যন্ত ৪৬০ মিটার সড়কটি পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১৫ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান "বিসমিল্লাহ এন্টারপ্রাইজ"। তবে কাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় সামান্য বৃষ্টিতেই নতুন পিচ ঢালাই উঠে যেতে শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে হাত দিলেই কার্পেটিং উঠে আসছে। এমনকি যানবাহন চলাচলের সময় চাকার সাথেও পিচ উঠে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির মধ্যেই তড়িৎঘড়ি করে এবং অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই কার্পেটিংয়ের কাজ করা হয়েছে। ফলে মহাসড়ক থেকে নেমে আসা বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়ে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাজের এই বেহাল দশা দেখে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঠিকাদার তারেক খান স্বীকার করেছেন যে, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি দ্রুতই সড়কটি সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে অনিয়মের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন নিজেই নির্মাণাধীন সড়কটি পরিদর্শনে যান। কাজের ত্রুটি দেখে তিনি তাৎক্ষণিকভাবে ঠিকাদারের সব ধরনের বিল পরিশোধ বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী এবং কার্যসহকারীকে লিখিতভাবে শোকজ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী জানান, কোনো অবস্থাতেই নিম্নমানের কাজের জন্য ঠিকাদারকে বিল দেওয়া হবে না। উক্ত রাস্তার সম্পূর্ণ কার্পেটিং পুনরায় নতুন করে করে দিতে হবে। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আদায়সহ তাকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
১২৬ বার পড়া হয়েছে