বরিশালে স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাতিলের দাবিতে আন্দোলন, অচল দাপ্তরিক কার্যক্রম
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। আন্দোলনের কারণে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীরা এসে দেখতে পান, পরিচালকের কক্ষের দরজায় থাকা তালা ও হাতল ভাঙা অবস্থায় রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ের প্রধান ফটকে নতুন করে তালা ঝুলিয়ে দেন।
এ সময় উপপরিচালকসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে আটকা পড়েন। ফলে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপপরিচালক ডা. লোকমান হাকিম বলেন, চলমান পরিস্থিতির কারণে স্বাস্থ্য প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া জরুরি।
আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই আন্দোলনবিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তিকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এ পদায়ন মেনে নিতে পারছেন না। পদায়নের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে গত ৭ জুলাই ‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’-এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওই দিন আন্দোলনকারীরা নবনিযুক্ত স্বাস্থ্য পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
পরদিন ডা. এস. এম. মনিরুজ্জামান কার্যালয়ে এসে তালা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে বিষয়টি জানাজানি হলে একদল শিক্ষার্থী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবির মুখে দুপুরের দিকে তিনি কার্যালয় ত্যাগ করেন। এরপর আবারও তার কক্ষে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।
স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে গত ৬ জুলাই ডা. এস. এম. মনিরুজ্জামান বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে যোগ দেন। যোগদানের পরদিন থেকেই তার নিয়োগের প্রতিবাদে বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের সদস্যরা কর্মসূচি শুরু করেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন বলেন, অতীতে জুলাই আন্দোলনবিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়ার অভিযোগের ভিত্তিতে তার পদায়ন বাতিলের দাবি জানানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট-পরবর্তী সময়েও একই অভিযোগে তাকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল।
১২০ বার পড়া হয়েছে