রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ৮ ঘণ্টায় গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মাত্র আট ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। অভিযুক্তকে আইনি প্রক্রিয়া শেষে চারঘাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
রাজশাহীর চারঘাট উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত দেব চন্দ্র দাস (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার সকালে রাজশাহী র্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য জানান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, বুধবার চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস প্রতিবেশী শিশুটিকে টেলিভিশন দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর ধর্ষণের অভিযোগ ওঠে।
দীর্ঘ সময় শিশুকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা অনুসন্ধান শুরু করেন। পরে অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের কাছে শিশুটি ঘটনার বিষয়ে জানালে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় দেব চন্দ্র দাসকে প্রধান আসামি করা হয়।
মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলসংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।
একই সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা আরেকটি মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১২৩ বার পড়া হয়েছে