লালমনিরহাটে মাদক ও জুয়ার আসামিদের সহায়তা না দেয়ার সিদ্ধান্ত আইনজীবীদের
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাটে মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। আগামী এক মাস মাদক ও জুয়া মামলায় গ্রেফতারকৃত কোনো আসামির জামিনের আবেদন বা আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর স্বপন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ঘোষিত 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনজীবীরা জানান, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো মারাত্মক ব্যাধি দূর করতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। সামাজিক অপরাধ দমনে আইনজীবীদের এই অবস্থান অপরাধ প্রবণতা ব্যাপকভাবে কমিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম রফিক এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে বাঁচাতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতেও প্রস্তুত রয়েছেন জেলার আইনজীবীরা।
১১৪ বার পড়া হয়েছে