সর্বশেষ

সারাদেশ

কবর খুঁড়ে পঙ্গু বাবাকে হত্যা চেষ্টার অভিযোগ, ছেলেকে আটক করল গ্রামবাসী

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামে পঙ্গু বাবাকে জীবন্ত মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যে ঘরের ভেতর গর্ত খোঁড়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই ছেলেকে আটক করলেও পরে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করার কথা বলে তাকে ছেড়ে নিয়ে যান। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

বামে পঙ্গু বাবা আব্দুস সালাম, ডানে ঘরের ভেতরে করা মাটির গর্ত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামে আব্দুস সালাম (৪৮) নামের এক পঙ্গু ব্যক্তিকে ঘরের ভেতর গর্ত করে মাটিচাপা দেওয়ার পরিকল্পনার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে মোস্তাকিমের বিরুদ্ধে। বুধবার (ঘটনার দিন) দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম আগে কৃষিকাজ করতেন। পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। এরপর কোমর থেকে দুই পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ায় তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। বর্তমানে তিনি বাড়ির বারান্দায় বিছানায় শুয়েই দিন কাটান।

সালামের বড় মেয়ে সুরাইয়া আক্তার উচ্চশিক্ষা শেষ করে পরিবারের জীবিকার জন্য বগুড়ার দুপচাঁচিয়া এলাকায় ফুচকা বিক্রি করেন। অন্যদিকে, শারীরিকভাবে অক্ষম বাবার দেখাশোনার দায়িত্ব ছিল ছেলে মোস্তাকিমের ওপর।

আব্দুস সালামের অভিযোগ, শুরুতে ছেলে ভালো আচরণ করলেও পরে মাদকাসক্ত হয়ে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। প্রায়ই গালাগাল, মারধরের চেষ্টা এবং হত্যার হুমকি দেওয়া হতো বলেও দাবি করেন তিনি।

সালাম জানান, গত কয়েকদিন ধরে ছেলের আচরণে তাঁর সন্দেহ হচ্ছিল। মোস্তাকিম ঘরের ভেতর একা একা কাজ করতেন এবং বালতিতে করে মাটি নিয়ে যেতেন। বিষয়টি দেখে তিনি ভয় পেয়ে বুধবার তাঁর চাচাতো ভাই রাজুকে ডেকে ঘরটি খুলে দেখার অনুরোধ করেন।

রাজু ঘরের দরজা খুলে দেখতে পান, এক পাশে প্রায় পাঁচ ফুট প্রস্থ ও সাত ফুট গভীর একটি গর্ত করা হয়েছে। এছাড়া ঘরের বিভিন্ন জায়গায় মাটির বস্তা ও কাদামাটির স্তূপ পড়ে ছিল। এ দৃশ্য দেখে স্থানীয়দের সন্দেহ হয়, কোনো উদ্দেশ্যেই ঘরের মেঝে খোঁড়া হয়েছে।

পরে গ্রামবাসী মোস্তাকিমকে আটক করে রাখেন। স্থানীয়দের দাবি, বিষয়টি থানায় জানানোর প্রস্তুতি চলছিল। তবে মোস্তাকিমের মা ও বড় বোন তাঁকে মাদকাসক্ত উল্লেখ করে থানায় অভিযোগ করার আশ্বাস দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।

আব্দুস সালামের চাচাতো ভাই রাজু আহমেদ বলেন, “সালামের অনুরোধে ঘর খুলে গর্ত খোঁড়ার বিষয়টি দেখা যায়। ঘরের মধ্যে মাটি ভর্তি বস্তা ও কাদামাটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।”

তবে মোস্তাকিমের বোন সুরাইয়া বেগম দাবি করেন, তাঁর ভাই মাদকাসক্ত হলেও গর্তটি বাবাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে—এমন অভিযোগ নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলে জানান তিনি।

আব্দুস সালাম নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি ছেলের কাছ থেকে নিয়মিত নির্যাতনের শিকার হয়েছেন। তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ আব্দুল করিম বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন